স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের প্রার্থী খন্দকার কবীর হোসেনের খোঁজ মিলছে না। ২৫ ডিসেম্বর সোমবার রাতে পাশের এলাকা পশ্চিম দড়িপাড়া থেকে নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পর তিনি নিখোঁজ হন। তবে মঙ্গলবার সকালে দড়িপাড়া রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ওই প্রার্থীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে কয়েক ফোঁটা রক্তের চিহ্নও দেখা যায়। নিখোঁজ প্রার্থী খন্দকার কবীর হোসেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই ঘটনায় সন্ধ্যায় থানায় অপহরণ-গুমের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিখোঁজ কবীর হোসেনের স্ত্রী জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে নির্বাচন থেকে দূরে রাখতে প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ অপহরণ করে গুম করে থাকতে পারে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চরশেরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে এক প্রার্থীকে পাওয়া না যাওয়ার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে তার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন নির্বাচনকে কেন্দ্র করে তাকে গুম করার কথা বললেও বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে পশ্চিম দড়িপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে প্রার্থী খন্দকার কবীর হোসেন বাড়ি আসেন। ওই জনসংযোগের সময় কামারবাড়ী এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে সাড়ে রাত ১২টার দিকে একটি ফোন কল পেয়ে কবীর হোসেন বাইরে বের হয়ে যান। রাত শেষ হয়ে এলেও না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজা শুরু করেন। সকালে নিখোঁজ কবীর হোসেনের নিজ গ্রাম দড়িপাড়া ও দশকাহনীয়া গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে তার ব্যবহৃত মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের লোকজন মোটর সাইকেলের পাশে রক্তের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, মেম্বার প্রার্থী কবীর হোসেনের নিখোঁজের ঘটনাটি রহস্যজনক। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।























