দু’টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি এক প্রার্থীর
স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৩নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন বেশ জমে উঠেছে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও তাদের সমর্থকদের পাশাপাশি কোমর বেধে মাঠে নেমেছেন স্ব-স্ব দলের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রধান ২ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠের উত্তাপ ততই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়, ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মোঃ রহমত উল্লাহ (পানির বোতল), বিএনপি সমর্থিত গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রহুল আমীন (গাজর) সহ মোঃ সাইদুর রহমান (পাঞ্জাবী), মোঃ জাকির হোসেন (ব্ল্যাক বোর্ড) ও মোঃ সমশের আলী (উট পাখি)- এ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে প্রধান ২ দলের সমর্থিত প্রার্থীই শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এবং অপর ৩ প্রার্থী হচ্ছেন ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের।
এদিকে ১৭ ডিসেম্বর প্রার্থী রহুল আমীন রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগে ঢাকলহাটী ও শেখহাটী ভোট কেন্দ্রে দু’টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সেইসাথে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি করেন।
উল্লেখ্য, পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ দফায় নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম সিরা গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়।























