স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ১৩৩ পিস ইয়াবাসহ হামিদুল্লাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিফাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিদুল্লাহ স্থানীয় মৃত আমেজ উদ্দিনের ছেলে। শুক্রবার মাদক আইনের নিয়মিত মামলায় হামিদুল্লাহকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর স্কোয়াড কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শ্রীবরদী উপজেলার মাটিফাটা মোড়স্থ রাজু আহম্মেদের মুদি দোকানের সামনে থেকে হামিদুল্লাহকে গ্রেফতার করে। ওইসময় তার দেহ তল্লাশী করে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৪০ হাজার টাকা।























