স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তৃণমুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতা’ নামে চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৩ ডিসেম্বর শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচী আয়োজিত ওই প্রতিযোগিতায় শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, গণকেন্দ্র পাঠাগার ও কিশোরী পাঠাগারের ১৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সাধারন ও বিশেষ (প্রতিবন্ধি) দু’টি পর্যায়ে প্রতিটি ইভেন্টে ৫টি পৃথক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক নুরুল ইসলাম, হাফিজা খাতুন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। বিজয়ীরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।























