স্টাফ রিপোর্টার ॥ ‘আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার’ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কেসিডিএ) এর উদ্যোগে স্থানীয় নয়া রাংটিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড নেশস অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ (ইউএনজেএসিই) প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার রায়।
প্রবীণ কোচ নেতা কমল কান্তি কোচের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, নাটুয়া প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরান হাসান শিমুল, কবি সুহৃদ জাহাঙ্গীর, কবি জালাল উদ্দিন আহম্মেদ, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশের স্বাগত বক্তব্যে কেসিডিএ পরিচালক শিক্ষক যুগল কিশোর কোচ বলেন, একটি জাতির পরিচয় হলো তার ভাষা, সংস্কৃতি, খাবার-পোষাক-আশাক, আচার-অনুষ্ঠানাদি। এসবের মাধ্যমে কোন জাতিগোষ্ঠির নিজস্বতা এবং স্বকিয়তা প্রকাশ পায়। কিন্তু নানামুখি আগ্রাসনের কারণে কোচ জাতিগোষ্ঠির ভাষা-সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। কোচরা আজ নিজ ভূমির ওপর থেকে অধিকার হারিয়ে অস্তিত্ব সংকটে রয়েছে। এজন্য নিজেদের সংস্কৃতি রক্ষা এবং দাবিগুলো রাষ্ট্র ও সমাজের সামনে তুলে ধরতেই এ কোচ সমাবেশ ও সংস্কৃতি উৎসব করা হচ্ছে। সমাবেশ জেলার সীমান্তবর্তী ৩ উপজেলার কোচ পল্লীগুলোর প্রায় ৫ শতাধিক কোচ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পরে রাংটিয়া কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন, রঙ্গ দেকা ক্লাব, নালিতাবাড়ীর খলচন্দা কোচ সাংস্কৃতিক দল, ঝিনাইগাতীর নওকুচি সাংস্কৃতিক দল ও শালচুড়া কোচ সাংস্কৃতিক গোষ্ঠির কোচ শিল্পীরা নৃত্যগীত পরিবেশন করেন।























