স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী, শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের স্ত্রী, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শাহীনুর বেগম (৪২) রবিবার রাতে গাইনী সমস্যায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি স্বামী ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। সোমবার দুপুরে নালিতাবাড়ীর রুনীগাও এলাকায় বাবার বাড়িতে প্রথম, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ও বকশীগঞ্জের নিলক্ষিয়া এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, রবিবার দুপুর ২টা পর্যন্ত মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত থাকা অবস্থায় বিএসসি শিক্ষিকা শাহীনুর বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত ৩ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি প্রাণ হারান। তিনি ছাত্রজীবনে একজন মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকতা জীবনে একজন দক্ষ ও প্রিয় শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ তিনানী এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।




