স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদ্যাপন উপলক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গণে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এরপর র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হীরু ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার এবং আইসিটি বিভাগ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ আলিম উল্লাহ, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, জেলা আইসিটি শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক, শিক্ষিকা ফাল্গুনী মজুমদার, চরমোচারিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রমুখ।
























