ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যোগাড় হয়েছে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঠালতলী গ্রামের হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী আল আমিনের। তার সহায়তায় হাত বাড়িয়েছেন শেরপুর শহরের উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু ইসহাক। তিনি ১১ ডিসেম্বর সোমবার দুপুরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের হাতে সহায়তার নগদ ২০ হাজার টাকা তুলে দেন। ওইসময় ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের মজনু মিয়া নামে এক যুবক আল আমিনের হাতে আরও ২ হাজার টাকা তুলে দেন। সহায়তা প্রদানকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মুহসীন আলী আকন্দ, আল আমিনের হতদরিদ্র বাবা হাবিবুর রহমান ও জাহিদুল হক মনির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অদম্য শিক্ষার্থী আল আমিন (১৮) হতদরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্বেও নিজের ইচ্ছাশক্তি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ডপস’র আর্থিক সহায়তায় বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়। এ বছর সে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পায়। কিন্তু ভর্তির ২০ হাজার টাকা যোগাড় না হওয়ায় তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই খবর সম্পদশালীদের দৃষ্টি না কাড়লেও আকুতি জাগায় শিক্ষক ইসহাকের।
























