ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন (১৮) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এইচ’ ইউনিটের ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে তার স্বপ্ন পূরণেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আল আমিন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঠাঁলতলী গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের ছেলে। সে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সে মেধাতালিকায় স্থান পায়। ভর্তির শেষ সময় ১৮ ডিসেম্বর। ওই ভর্তির জন্য প্রয়োজন ২০ হাজার টাকা। কিন্তু এখনও সেই টাকা যোগাড় না হওয়ায় সে রীতিমত হতাশ হয়ে পড়েছে।
রবিবার সন্ধ্যায় আল আমিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানায়, আমার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো। স্বপ্ন পূরণের সুযোগও পেয়েছি। স্বেচ্ছাসেবী সংগঠন ডপস’র সহযোগীতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরেছিলাম। এখন আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় ২০ হাজার টাকার প্রয়োজন। এখন পর্যন্ত টাকার ব্যবস্থা না হওয়ায় আমার স্বপ্ন পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।
আল আমিনের বাবা হাবিবুর রহমান বলেন, আমার সহায় সম্পদ বলতে এক খন্ড বসতভিটা রয়েছে। দিন মজুরী করে কোন রকমে সংসার চলে। এর মধ্যে ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়ালেখার ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন ০১৯৯৪-৯৬৯৮২৮ (আল আমিন) অথবা ০১৯১৩৪১৮১৩৫ (শ্যামলবাংলা২৪ডটকম অফিস)।









