জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ ৩৬ তম বিসিএস’র সুপারিশপ্রাপ্ত শেরপুরের ১৯ ক্যাডারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা সরকারি খান বাহাদুর ফজলুর রহমান গণগ্রন্থাগার মিলনায়তনে পাঠক ফোরাম আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে নতুন ক্যাডারদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি আলোকিত জাতি গঠনে নিজেদেরকে পেশাগত জীবনের শুরুতেই আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে আপনাদের দায়বদ্ধতা রয়েছে। তাই সেই দায়বদ্ধতা পূরণে সকলকে সংকল্প নিয়ে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন ক্যাডারদের মধ্যে বক্তব্য রাখেন রওশন আলম মিঠু, শাহরিয়া সুলতানা শুভ্রা ও হান্নান মিয়া, পাঠক ফোরামের বরকত উল্লাহ প্রমুখ। ওইসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন জেলা প্রশাসনের নবাগত সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ও আরিফ ফয়সাল। পাঠক ফোরামের তামান্না তাহমিনা ও আল আমিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকদের তরফ থেকে সংবর্ধিতদের ফুলের তোড়া, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের তরফ থেকে জেলা ব্র্যান্ডিং লোগো সম্বলিত মগ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের তরফ থেকে একটি করে কলম উপহার দেওয়া হয়। এছাড়া প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হলে তার ব্যয়ভার প্রেসক্লাব সভাপতি বহনের অঙ্গীকার করেন।
এবার ৩৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শেরপুর জেলার ১৯ জন সুপারিশপ্রাপ্ত হন। তারা হচ্ছেন সানজিদা রহমান (প্রশাসন), আফিয়া আমিন (প্রশাসন), শফিকুর রহমান (পুলিশ), হুমাইরা চৌধুরী পুনম (পররাষ্ট্র), মোঃ আসমাউল ইসলাম (স্বাস্থ্য), অহিদ ইকবাল খোকন (স্বাস্থ্য), ফারহানা ফেঞ্চি (শিক্ষা), সোহেল রানা (শিক্ষা), শামস উদ্দিন খোকন (শিক্ষা), দেলোয়ার হোসেন (শিক্ষা), উমর শরীফ আরমান (শিক্ষা), রওশন আলম মিঠু (শিক্ষা), নূরে আলম বাপ্পি (কৃষি), শাহরিয়া সুলতানা শুভ্রা (শিক্ষা), আতিকুর রহমান (শিক্ষা), মাহমুদুল হাসান মিজান (কৃষি), মোঃ হান্নান মিয়া (শিক্ষা), সাঈদ রতন (কৃষি) ও মনোয়ারুল ইসলাম (শিক্ষা)।
উল্লেখ্য, ৩৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শেরপুরের ১৯ জনের সংযুক্তির বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম’এ ছবিসহ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। এর আগে ৩৫তম বিসিএসে সংযুক্ত হওয়া শেরপুরের ১৬জনকে নিয়েও শ্যামলবাংলা২৪ডটকম’এ অনুরূপ প্রতিবেদন প্রকাশ হয়।




