স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অভিনব কায়দায় ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। ৪ ডিসেম্বর সোমবার বিকেলে নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকা থেকে একটি চোরাই ব্যাটারিচালিত ইজিবাইকসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুর সদর উপজেলার কটারবাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে কালাম (৫০) ও নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কুলনযা গ্রামের আব্দুল বারির ছেলে রিপন (২২)।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ২ ব্যক্তি আন্তঃজেলা চোরদলের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে নিয়মিত মামলায় ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আহাম্মদ আলী সোমবার সকালে জামালপুর শহরের মা এন্টারপ্রাইজ থেকে ১ লক্ষ ৫৪ হাজার টাকায় ওই ব্যাটারিচালিত নতুন ইজিবাইকটি ক্রয় করেন। এরপর আহাম্মদ আলীর ছেলে রাসেল রানা যাত্রী পরিবহনের জন্য গাড়িটি নিয়ে শহরের থানা মোড় এলাকায় যায়। ওইখান থেকে নন্দীরবাজারের কথা বলে ৩শ টাকা ভাড়ায় ২ জন যাত্রী উঠে ওই গাড়িতে। এরপর চকপাঠক এলাকায় পৌঁছলে ওই যাত্রীদ্বয় গাড়িটি থামিয়ে এক বাসা দেখিয়ে তাদের কথিত স্যারকে এগিয়ে নিয়ে আসতে চালককে পাঠায়। চালক ইজিবাইকের চাবি নিয়ে দেখানো বাসার দিকে অগ্রসর হলে যাত্রীবেশি ২ চোর ইজিবাইকটি নিয়ে কেটে পড়ে। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে বিকেলে এক আত্মীয় মারফত জানা যায়, ২ জন লোক গাড়িটি নিয়ে নকলার গৌড়দ্বার বাজারে অবস্থান করছে। পরে থানা পুলিশের সহায়তায় গাড়িটি জব্দ এবং যাত্রীবেশি ২ চোরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা চোরদলের সক্রিয় সদস্য। ওই ঘটনায় নকলা থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড হয়েছে।
উল্লেখ্য, একই কায়দায় জেলায় গত ১ মাসে আরও ৩/৪টি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।
























