শ্যামলবাংলা ডেস্ক : নেইমার ভবিষ্যতে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবে- এমন ধারণা পোষণ করা লোকের সংখ্যা নেহাত কম নয়। তবে কিছু লোকের বিশ্বাস, এমনটা করবেন না ব্রাজিলিয়ান তারকা। তাদের মধ্যে একজন লুইস সুয়ারেজ। এই উরুগুয়ে তারকার বিশ্বাস, নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দেবেন না।
গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। গত এক মাসেরও বেশি সময় ধরে গুঞ্জন চলছে, আপাতত প্যারিসে গেলেও ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। তবে সুয়ারেজ তেমনটা মনে করেন না।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সুয়ারেজকে প্রশ্ন করেছিল নেইমারের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেইমার একজন পরিপক্ক ব্যক্তি যে নিজের সিদ্ধান্ত সম্পর্কে ওয়াকিবহাল। অবশ্য এমন সিদ্ধান্ত নেয়াটা তার জন্য কষ্টকরও ছিল; কেননা সে এখানে সুখেই ছিল। কিন্তু আমাদের এটাও মেনে নিতে হবে যে সে অন্য চ্যালেঞ্জ নিতে চেয়েছিল এবং সেটি গ্রহণ করতে চেয়েছিল।’
নেইমার রিয়াল মাদ্রিদে যোগদান করবে বলে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে- এই ব্যাপারে আপনি কী বলবেন? এমন প্রশ্নের জবাবে সুয়ারেজ বলেন, ‘না। সত্যি বলতে কী , আমি তেমনটা মনে করি না। আমি নেইমারের পছন্দ সম্পর্কে জানি এবং বার্সেলোনা ও তার (সাবেক) সতীর্থদের প্রতি তার ভালোবাসা সম্পর্কেও জানি। সে রিয়াল মাদ্রিদে যোগ দেবে বলে আমি মনে করি না।’

























