স্টাফ রিপোর্টার ॥ ‘আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ শ্লোগানে খাদ্যে উদ্বৃত্ত শেরপুর যাত্রা শুরু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের খরমপুর মোড়ে ব্যাংকটির ১০৯ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন। ওইসময় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, চেম্বার সভাপতি মো. মাছুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা চালকল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর শাখার ব্যবস্থাপক মো. মামুন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এম. আখতার হোসেন বলেন, নতুন ধারার অনলাইন সেবার মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহক সেবায় একধাপ এগিয়ে থাকতে চায়। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার সাথে সাথে নতুন উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করা হয়।
























