•গ্রেফতার হয়নি সেই ধর্ষক
শ্যামলবাংলা রিপোর্ট ॥ জগৎসংসারে কত ঘটনাই না ঘটছে। প্রকৃতি-পরিবেশের কারণে কোথাও বা ঘটছে ধ্বংসের লীলা-খেলা। আবার মানুষে মানুষে দ্বন্দ্ব আর ঘাত-প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজেরাই এবং সেই প্রভাব পড়ছে আশে-পাশেও। কোথাও বা মানবতা হচ্ছে বিপর্যস্ত- ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ, গোষ্ঠি ও পরিবার। এসবেরই ধারাবাহিকতায় সমাজে প্রতিনিয়তই ঘটছে নারী ও শিশুর প্রতি সহিংসতা। আইনী কাঠামো জোরদারকরণ এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে নারীবাদী সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতে থাকলেও থামছে না সেই সহিংসতা। প্রায়ই এক শ্রেণির পাষণ্ড, লম্পট আর নরপিশাচদের ছোবলে পরিণত হচ্ছে নারীর পাশাপাশি কন্যাশিশুরাও। এমনই এক সহিংসতা বা পাশবিক নির্যাতনের শিকার ১১ বছর বয়সী এক শিশু। শেরপুরের নালিতাবাড়ীর প্রত্যন্ত গ্রামের ধর্ষণের শিকার হতদরিদ্র পরিবারের সেই শিশুর কোলে এখন আরেক কন্যা শিশু। ৩ দিন আগে জেলা সদর হাসপাতালে জন্ম নেওয়া আরেক কন্যাশিশুকে নিয়ে বিপাকে পড়েছে স্বজনরা। জন্ম নেওয়া সেই কন্যাশিশু ও তার মাকে নিয়ে এখন চলছে ব্যাপক শোরগোল। অন্যদিকে মামলার দীর্ঘদিন পরও ঘটনার নায়ক ধর্ষক মিঠু মিয়া (২০) গ্রেফতার না হওয়ায় ধর্ষিতা শিশুর পরিবারে দেখা দিয়েছে হতাশা। অনেকেই প্রশ্ন তুলছেন, কে দায়িত্ব নেবে ধর্ষণে জন্ম নেওয়া সেই নবজাতকের। তার পিতৃপরিচয়ই বা কি হবে ?
৩০ নভেম্বর বৃহস্পতিবার সরেজমিনে নালিতাবাড়ীর রাজনগর দোহালিয়া গ্রামে ধর্ষিতা সেই শিশুর বাড়িতে গেলে দেখা যায় ধর্ষিতা সেই শিশুর কোলে ফুটফুটে আরেক শিশুকে। বুকে চাপা থাকা নানা কষ্টের মাঝেও শিশু মা চুম্বনে আদর দিচ্ছে সদ্যোজাত শিশুকে। ওইসময় কথা হয় ধর্ষিতা সেই শিশুর বাবা, মা ও প্রতিবেশিদের সাথে। ধর্ষিতা শিশুর বাবা অভিযোগ করে বলেন, লম্পট মিঠুর ছোবলে মেয়ের সর্বনাশের পর এখন তার কোলে শিশু বাচ্চা। টাকা-পয়সার অভাবে এখন অন্যদের সহায়তায় চলতে হচ্ছে। উল্টা আমাদের প্রতি মামলা তুলে নেওয়ার চাপসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি মিঠুর উপযুক্ত বিচারসহ জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয় চাই।
পরিবার ও আদালতসহ স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওই শিশুকে গত ৫ ফেব্রুয়ারি অপহরণ করে প্রতিবেশী স্বপন মিয়ার ছেলে লম্পট মিঠু মিয়া। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করে মিঠু। ঘটনার প্রায় ২ মাস পর অসুস্থ অবস্থায় সেই শিশুকে তাদের বাড়ির কাছেই ফেলে রেখে যায় ধর্ষক মিঠু। ওই ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে মিঠুসহ ৪ জনকে আসামী করে অপহরণ ও সহায়তার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা দায়ের করলে বিচারক ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সে প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এসআই সবুর উদ্দিন ১৯ ফেব্রুয়ারি অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা উল্লেখ করে কেবল মিঠু মিয়ার বিরুদ্ধে অপহরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে প্রকাশ পায় ধর্ষণের শিকার সেই শিশু গর্ভবতী হয়ে পড়েছে। ওই অবস্থায় গত ২০ মার্চ তদন্ত কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নারাজি দরখাস্ত দাখিল করে সংবাদদাতা বাদীপক্ষ। ওই নারাজির বিষয়ে শুনানীতেই চলে যায় দীর্ঘ সময়।
এদিকে ২৬ নভেম্বর রবিবার ধর্ষণের শিকার সেই শিশুর গর্ভ থেকে জেলা সদর হাসপাতালে জন্ম নেয় আরেক কন্যাশিশু। পরিবারের আর্থিক দৈন্যতার কারণে তার চিকিৎসা সহায়তায় হাত বাড়ান তরুণ আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল। সহযোগিতায় অগ্রসর হয় সমাজসেবা বিভাগও। পরদিন ওই মামলা পরিচালনায় নতুন করে যুক্ত হন আইনজীবী কামরুল। ওইদিন তার মাধ্যমে নবজাতক শিশুসহ ভিকটিমকে ট্রাইব্যুনালে উপস্থাপনসহ ওই নারাজির বিষয়ে শুনানী করা হলে বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন একমাত্র আসামি মিঠু মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অপরাধ আমলে গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। তবে মিঠুকে গ্রেফতারের বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, ধর্ষণ মামলায় মিঠু মিয়া নামে কোন আসামির গ্রেফতারি পরোয়ানাই থানায় পৌঁছেনি। পৌঁছলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব রাষ্ট্রের। তবে ভরণ-পোষণের অর্থ ধর্ষকের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকেই আদায় করা হয়ে থাকে। এছাড়া সংশ্লিষ্ট আইনের আওতায় বিচারে অভিযোগ প্রমাণিত হলে ধর্ষকই সেই শিশুর পিতা বলে বিবেচিত হবেন।
-রফিকুল ইসলাম আধার




















