নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২৯ নভেম্বর বুধবার উপজেলার বিভিন্নভাবে প্রাপ্য ৯ হাজার ৫ জন ভাতা ভোগীর মাঝে জুলাই হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসের ভাতা হিসেবে এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৭শ টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ৫ হাজার ২৮৭ জন বয়স্ক লোকের মাঝে ভাতা হিসেবে প্রতিজন এক হাজার ৫০০ টাকা করে মোট ৭৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, এক হাজার ১২৭ জন প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রতিজন দুই হাজার ১০০ টাকা করে মোট ২৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকা এবং ২ হাজার ৫৯১ জন বিধবা মহিলার মাঝে প্রতিজনে এক হাজার ৫০০ টাকা করে মোট ৩৮ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ চৌধুরী, ইউনিয়ন সমাজ কর্মী ও ভারপ্রাপ্ত অফিস সহকারী মোঃ ছায়েদুর রহমান, গৌড়দ্বার ইউনিয়নে নিয়োজিত ইউনিয়ন সমাজ কর্মী ও ভারপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার ফাতেমা খাতুন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন সুবিধা ভোগী, সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১০টি এলাকার ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ সুবিধার্থে উপজেলার ৫টি শাখা ব্যাংকের মাধ্যমে ওইসব ভাতা বিতরণ করা হয়। তার মধ্যে নকলা সোনালী ব্যাংকের আওতায় ২টি এলাকা, জনতা ব্যাংকের আওতায় ৩টি এলাকা ও কৃষি ব্যাংকের আওতায় একটি এলাকা; তাছাড়া পাঠাকাটা কৃষি ব্যাংকের আওতায় ৩টি এলাকা, চন্দ্রকোণা জনতা ব্যাংকের আওতায় একটি এলাকার ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।
























