রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ ‘তোমার সকল দানের জন্য হে প্রভূ তোমায় ধন্যবাদ’ এ মূলমন্ত্রকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড়ের দিঘলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লীর উদ্যোগে পালিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা বা খ্রিষ্ট রাজার পর্বোৎসব।
২৬ নভেম্বর রবিবার দিনব্যাপী যিশু খ্রিষ্টের প্রতি প্রার্থনা, নবান্ন ও সামাজিক শান্তি কামনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয় এ উৎসব। মনোমুগ্ধকর পরিবেশে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ মহা প্রদেশের বিশব ফল পনেল কুবি।
দিঘলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লীর ফাদার শেকর আর পেরেরা সিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি উন্নয়নে নবান্নকে স্বাগত, সকলের শান্তি কামনায় যিশু খ্রিষ্টের প্রতি বিশেষ প্রার্থনা ও উদ্বোধনী সংগীতসহ নানা কর্মসূচী পালন শেষে আদিবাসীদের হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় স্থানীয় আদিবাসী শিল্পী গোষ্ঠী।
পিটিশন সাংমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড থেকে আসা ফাদার ফিলিপ ও তার ছোট বোন মিস ওয়ালা। এতে গারো পাহাড়সহ বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সম্প্রদায়ের সহাস্রাধিক নারী পুরুষ ও শিশুদের সমাগম ঘটে।
























