স্টাফ রিপোর্টার ॥ সদ্য জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারে অন্তর্ভূক্ত না করা এবং জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগ বিধিমালার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দু’দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন শেরপুরের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা।
‘নো বিসিএস নো ক্যাডার’ দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শেরপুর সরকারি কলেজ ইউনিট ও শেরপুর সরকারি মহিলা কলেজ ইউনিটের ক্যাডারভুক্ত শিক্ষকরা কর্মবিরতির প্রথম দিনে ২৬ নভেম্বর রবিবার কলেজ সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ রাখেন। শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসানের নেতৃত্বে এবং সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ আসাদুজ্জামানের নেতৃত্বে ওই কর্মবিরতি পালিত হয়। ওইসময় জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকরা পৃথক পৃথক সমাবেশও করেন।
























