স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেছেন, খেলাধূলা বা ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ্য দেহ গঠনের পাশাপাশি মাদক ও সন্ত্রাসসহ নানা সামাজিক ব্যধি নির্মূলে বিশেষ ভূমিকা পালন করতে পারে আমাদের যুব সমাজ। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। তিনি ২৬ নভেম্বর রবিবার বিকেলে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুর্ধ্ব-২১ আন্তঃউপজেলা আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি তৃণমূলের যুব সমাজসহ ক্রীড়ানুরাগীদের জাগ্রত করতেই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করে বলেন, শেরপুরের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য রয়েছে। ওই ঐতিহ্য ধরে রাখতে কাবাডির পাশাপাশি ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন থাকা প্রয়োজন। এজন্য তিনি ক্রীড়া সংস্থাসহ শেরপুরের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান জানান।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সম্পাদক মানিক দত্ত, ফুটবল উপ-পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, কাবাডি উপ-পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























