স্টাফ রিপোর্টার ॥ অবশেষে শেরপুরের সেই ব্রহ্মচারী শান্তানন্দ ওরফে প্রবীর চৌধুরীর স্থাপিত ক্রিয়াযোগ উপাসনালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নয়আনী বাজার এলাকার পোদ্দার কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ওই উপাসনালয়ে তালা ঝুলানোর সময় ভবনের মালিক রাম পোদ্দার, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্রহ্মচারী শান্তানন্দ ও তার ভক্তদের দাবি, কিছু লোক তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে ক্রিয়াযোগ উপাসনালয় বন্ধের পায়তারা করে আসছিলেন।
পোদ্দার কমপ্লেক্সের মালিক দিলীপ পোদ্দার ও রাম পোদ্দার বলেন, নিজেকে ব্রহ্মচারী দাবি করে চট্্রগ্রামের পটিয়ার বাসিন্দা প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ২০১৬ সালে আমাদের বাড়িতে এসে কিছুদিনের জন্য আশ্রয় চান। আমার বৃদ্ধ মা’র অনুরোধে আমরা চতুর্থ তলায় টিনসেটের ছাউনিতে তাকে থাকার ব্যবস্থা করি। কিন্তু কিছুদিন পর থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক উঠায় দু’মাস আগে তাঁকে কমপ্লেক্স ছেড়ে দিতে বলা হয়। বিষয়টি স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ঘটনাটি জানানো হয়। এতে তিনি বিক্ষুদ্ধ হয়ে তার অনুসারীদের দিয়ে আদালতে একটি নালিশী মামলা ঠুকে দেন। এমনকি তিনি ফেসবুকে ফেক আইডি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারণা চালাতে থাকেন। এ কারণে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কায় মঙ্গলবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেই স্বঘোষিত ব্রহ্মচারীর ঘরে তালা ঝুলিয়ে দেন।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ বলেন, শান্তানন্দ কোথা থেকে এসেছেন, তা আমরা জানি না। তিনি দীর্ঘদিন ধরে শেরপুরে ব্রহ্মচারীর নামে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকায় বিক্ষুব্ধ হয়ে সচেতন হিন্দু জনসাধারণ শান্তিপূর্ণভাবে তার তথাকথিত আশ্রমে তালা দিয়েছে।
জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সঞ্জীব চক্রবর্তী সঞ্জু বলেন, আমরা প্রথম থেকেই শান্তানন্দের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু রাজনৈতিক কারণে তিনি আশ্রয় পেয়েছিলেন। তাকে বিতারণের মাধ্যমে শেরপুরের হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বস্তি পেল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি বলেন, স্বঘোষিত ব্রহ্মচারী শান্তানন্দের বক্তব্য ও বিবৃতি দূরভিসন্ধিমূলক। তার ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া উচিৎ।
এ ব্যাপারে প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কিছু সংখ্যক লোক বিভ্রান্তি ছড়িয়ে এখানে স্থাপিত মন্দির উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। আমরা আদালতে মামলা করেছি। আদালত ফয়সালা দেবে। তিনি বলেন, আমার ভক্তদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
























