ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দলিল লেখক সমিতি ২১ ও ২২ নভেম্বর ২ দিন কর্মবিরতি পালন করেছেন। এ কারণে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন বন্ধ রয়েছে। দলিল লেখক সমিতি কর্মবিরতির পাশাপাশি ২২ নভেম্বর বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে এবং জেলা রেজিস্ট্রারের কাছে আব্দুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, দলিলে নিয়ম মোতাবেক কাগজপত্রাদি উপস্থাপন করা স্বত্বেও তাকে অতিরিক্ত টাকা না দিলে দলিল রেজিস্ট্রি না করে হয়রানি করেন। সাব-রেজিস্ট্রারকে দলিল বাবদ অতিরিক্ত ১হাজার ৮’শ টাকা মুচলেকা দেওয়া হলেও আইডি কার্ড বাবদ ৫’শ টাকা, লেট ফি বাবদ ৫’শ টাকা ও ভায়া দলিল মূলে ১ হাজার টাকা না দিলে স্বাক্ষর করেন না। এ ছাড়া অছিয়তনামা, বন্টননামা,বিনিময় দলিল, ব্যাংক মরগেজ, আমমোক্তারনামা এবং ঘোষণাপত্র দলিলগুলো রেজিস্ট্রি করতে জমির অনুপাতে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা চুক্তি ছাড়া দলিল রেজিস্ট্রি করেন না।
বুধবার দুপুর ১২টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে কোনো লোককে দলিল করতে দেখা যায়নি। উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আলী অভিযোগগুলোর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অস্বীকার করে তিনি বলেন, আমি দলিল করতে মূল কাগজপত্র চাওয়ায় দলিল লেখকরা দলিল দাখিল বন্ধ রেখেছেন।
























