স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় বন্যা সহিঞ্চু আমন ধানের জাত বিনাধান-১১ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গারোপাড়া গ্রামে কৃষক প্রফুল্ল রিচিলের জামিতে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচলক ড. আমজাদ হোসেন। ওইসময় বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গির আলম, জাত উদ্ভাবনকারি বিজ্ঞানী ড. মির্জা মোহাম্মদ মোফাজ্জল ইসলাম, বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সামিউল হক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। মাঠদিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে বক্তারা বলেন, বিনা উৎপাদিত বিনাধান-১১ জাতের আমন ধান ২০ থেকে ২৫ দিন পর্যন্ত বন্যার পানি অথবা জলামগ্নতায় তলিয়ে থাকলেও ফলনের কোন ক্ষতি হবে না। এছাড়া এ ধান ১২০ দিনে কর্তন যোগ্য হয় এবং একরে ফলন হয় ৫০ মণ। এদিন নালিতাবাড়ীর রসাইতলা গারোপাড়া গ্রামের কৃষক প্রফুল্ল রিচিলের ১ একর জমির বিনাধান-১১ শস্যকর্তন করে একরে ৪৪ মণ ফলন পাওয়া যায়।

























