নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

খবর টি পড়েছেন : ৩০৮
নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর উদ্যোগে এবং চরঅষ্টধর ইউনিয়নবাসীর আয়োজনে ওই নৌকা বাইচ অনুষ্ঠিক হয়। উপজেলার চরঅষ্টধর, চন্দ্রকোণা ও পাঠাকাটা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ওই প্রতিযোগিতা চলে। পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত বেশ কিছু নৌকা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এতে জামালপুরের ডৌহাতলা এলাকার ভাই ভাই নামক নৌকা চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন হওয়া নৌকার দলনেতার হাতে পুরস্কার হিসেবে একটি নতুন টেলিভিশন এবং রানার্সআপ নৌকার দলনেতার হাতে একটি নতুন এনড্রয়েড মোবাইল ফোন সেট তুলে দেন আনন্ত্রিত অতিথিবৃন্দরা।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক নূরে আলম সিদ্দিক উৎপল, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক জিন্নাহ ও সাধারণ সম্পাদক ছিয়াবুল বাদশা; সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ খান, আওয়ামীনেতা শরিফুজ্জামান রিপন সরকার, মোখলেছুর রহমান ও মিজানুর রহমান প্রমুখসহ বিভিন্ন বয়সী হাজারো উৎসুক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ওই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই ব্রহ্মপুত্র নদের দুইতীরে উৎসুক জনতা জড়ো হতে থাকেন। দুপুর হতে না হতেই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা বিভিন্ন বয়সী হাজারো নারী পুরুষ উৎসুক দর্শকের মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দূরের আত্মীয় তাদের স্বজনরা সেখানকার আত্মীয়ের বাড়িতে এবং ওই এলাকার অন্যত্র বিবাহিত মেয়েরা তার পরিবার পরিজন নিয়ে বাবার বাড়িতে নায়রে আসেন। দুই-তিন দিন আগে থেকেই এলাকা জুড়ে শুরু হয় উৎসবের আমেজ। আয়োজনকে সাফল্য মন্ডিত করতে ডেকোরেশনে আয়োজকদের মধ্যেও ছিলনা কোনো কৃপণতা। সরাসরি কাছে থেকে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ভাড়া করে ছোট-বড় অর্ধশতাধিক ডিঙ্গি নৌকায় চড়ে দর্শকরা ব্রহ্মপুত্র নদে অবস্থান করে নদকে যেন একটি নতুন চিত্রে সাজিয়েছিলেন। বিশেষ করেন নৌকা বাইচ চলাকালে বাইছাদের শ্লোকমাখা প্রাণ জুড়ানো জারি গান দর্শদের মন কেড়ে নেয়।
এবছর নৌকা বাইচের উদ্যোক্তা স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, ওই এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা শত বছর আগে থেকেই চলে আসছে। এটি যেন এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে তারা প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির সভাপতিসহ… পরবর্তী সংবাদ শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads