স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে খোদ জেলা পরিষদেই হামলার শিকার হয়েছেন জাকারিয়া বিষু (৪০) নামে এক সদস্য। ওই ঘটনায় ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর টাউনহল অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান ও তার কতিপয় আত্মীয়ের বিচার দাবি করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনার সাথে নিজের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া বিষু অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সাথে তার বনিবনা হচ্ছিলো না। প্রায় দেড় মাস আগে জেলা চেয়ারম্যান অফিসের ভেতরের কামরায় নিয়ে তাকে ব্যাপক হুমকি দেন। এরই জের ধরে সোমবার দুপুরে অফিসে গিয়ে সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানের সাথে একটি প্রকল্পের বিষয় নিয়ে কথা বলা অবস্থায় চেয়ারম্যান নিজে ও তার সাথে থাকা ভাই কামাল, হাসান ও আত্মীয় রিপন, মিন্টুসহ আরও কয়েকজন তার উপর অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলে এবং পিঠের কয়েক জায়গায় কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করে। ওই অবস্থায় খবর পেয়ে কয়েকজন স্বজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু ওই ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান রুমান এবং তার ভাই-স্বজনসহ ৫ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরও থানা পুলিশ তা গ্রহণ করেনি। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে তিনি জেলা পরিষদে আত্মীয়-স্বজন ও অনুসারীদের নামে অবৈধভাবে লাইসেন্স প্রদান এবং কৌশলে ঠিকাদারী কাজ দেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেন। তার উপর হামলার ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান ও তার সহযোগীদের বিচার দাবি করে বলেন, তাদের কারণে আজ শান্ত শেরপুর অশান্ত হয়ে উঠছে। মতের বাইরে থাকা দলীয় নেতা-কর্মীসহ শিক্ষক, জনপ্রতিনিধি কেউই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবিলম্বে থানা পুলিশ মামলা গ্রহণ না করলে আদালতের আশ্রয় নেওয়া হবে। সংবাদ সম্মেলনে একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন ও শহর যুবলীগের আহবায়ক কামরুল হাসান। ওইসময় দলীয় নেতা-কর্মীসহ বিষুর এলাকার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

তবে মামলা গ্রহণ না করা প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য জাকারিয়া বিষুর অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সোমবার রাতে তার ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্তে ঘটনাটি প্রমাণ হলে মামলা রেকর্ড করা হবে। কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যানের নাম বাদ দিতে বলা হয়েছে, কিংবা তার নাম থাকলে মামলা নেওয়া হবে না, সেটি তিনি সঠিক বলেননি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুর কবীর রুমান বলেন, ঠিকাদারি কোন বিষয় নিয়ে কয়েকজন ছেলের সাথে জেলা পরিষদের বাইরে সদস্য বিষুর হাতাহাতি হয়েছে বলে শুনেছি। তবে তা পরিষদের কোন বিষয় নিয়ে ঘটেনি। অন্যদিকে ওই ঘটনাকে পুঁজি করে নানা অনিয়ম-দুর্নীতির কল্প-কাহিনীসহ আমাকে জড়িয়ে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি দাবি করেন।























