রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ বৃক্ষ রোপন কর্মসূচীতে একযোগে দেড় লাখ বৃক্ষ রোপন করে শেরপুরে রেকর্ড গড়েছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত একযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই কর্মসূচীতে প্রশাসনের প্রত্যেক স্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সরকারের আওতায় সকল জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। ওই কর্মসূচীতে রোপিত দেড় লাখ বৃক্ষের মধ্যে রয়েছে তাল বীজ, সজনা, নিম ও তেতুল বীজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের পাশে তাল বীজ রোপন করে ওই কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, এপিপিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আলী প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা সড়কের দু’পাশে তাল বীজ ও সজনা গাছ রোপন করে উপজেলা কৃষি বিভাগ। ওই সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের সাবেক উপ-পরিচালক আজিজুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা গোলাম মোস্তুফা, ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাতেম আলী প্রমুখ।























