স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভোক্তার স্বার্থ ও নিরাপদ খাদ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের কো-অর্ডিনেটর আহমেদ একরাম উল্লাহ। ভোক্তা অধিকার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা আরিফুল ইসলাম।
শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা বাস্তবায়নে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিষদ তথ্য প্রচার, সুস্থ জীবনে খাদ্য নিরাপদ রাখার কৌশল ও অভ্যাস গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।























