স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান ‘উদ্ভাবকের খোঁজে’ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি বলেন, জেলা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার, পর্যটন শিল্পের বিকাশ, জেলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি লালন ও বিকাশ, ভৌগলিক নির্দেশক পণ্যের প্রচার এবং তার স্বত্ব সংরক্ষণের কাজে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি জেলার সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা তাসলিমা জান্নাত। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মোঃ মাসুদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক আখতারুজ্জামান, হাকিম বাবুল, মেরাজ উদ্দিন, রফিক মজিদ, ইমরান হাসান রাব্বী প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।























