মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং শিক্ষার মানউন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম-মোয়াজ্জেম, জনপ্রতিনিধি, সুধিজনসহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার দুপুরে কায়দা বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে মাদরাসা মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। ওইসময় তিনি বলেন, নকলা উপজেলা হবে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার জন্য মডেল এবং শেরপুর জেলার প্রথম বাল্য বিবাহমুক্ত উপজেলা। এরজন্য ইউএনও সবার সহযোগিতা কামনা করেন। তিনি নকলা উপজেলাকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত এবং শিক্ষার মানউন্নয়নে সবার উপস্থিতিতে সপ্তাহে অন্তত দু’টি সচেতনতামূলক সভা করছেন। ইতোমধ্যে অনেক বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা ও পুলিশ প্রশাসন। ওই ধারা অব্যাহত থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নকলা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন আব্দুল হালিম সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক ছাইদুল ইসলাম ও কবদুল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই মাদরাসার সুপার মোঃ অলিউল্লাহ, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য একেএম খোরশিদ আলম বাবুল, অভিভাবক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জালাল উদ্দিন, শিক্ষার্থী নুসরাত জাহান নিমু, আসমানী আক্তার, জোবাইদা আক্তার প্রমুখ।























