স্টাফ রিপোর্টার ॥ আইনজীবী নেতা ও সিনিয়র-জুনিয়র সদস্যদের পুনঃপুনঃ দাবির প্রেক্ষিতে শেরপুরের আইনজীবীদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম। তিনি ২৩ অক্টোবর সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ষান্মাষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যের ইতি টানতে গিয়ে ওই অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। ওইসময় তিনি বলেন, আমি বার কাউন্সিলের নেতা বা দায়িত্বে থাকি বা না থাকি- শেরপুরের আইনজীবীদের জন্য আমার সবসময় সদয় দৃষ্টি ও সহযোগিতা থাকবে। তিনি শেরপুর বার লাইব্রেরীকে সমৃদ্ধ করতে বার কাউন্সিলের তরফ থেকে পুস্তক বরাদ্দসহ তার ব্যক্তিগত তরফ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার। সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে আইনজীবী সমিতির অন্যান্য সদস্যসহ শিক্ষানবীশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।



















