স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক) ফুটবল প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইগাতীর ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ (বালিকা) ফুটবল প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এবারের বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
ছেলেদের ফাইনালে ঝিনাইগাতীর ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে শ্রীবরদীর গোবড়ীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নিজ দলের পক্ষে গোল দুটি করেন গোলাম রব্বানী ও ফরহাদ আলী। অপরদিকে, মেয়েদের ফাইনালে সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নকলার কবুতরমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে হেলেনা আক্তার সুইটি একমাত্র গোলটি করেন। জেলা পর্যায়ে এ দু’টি দল বিজয়ী হওয়ার তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান ও। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি এবং খেলোয়াড়দের মেডেল ও মগ উপহার প্রদান করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ফুটবলে (বালক) ঝিনাইগাতীর ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলদাতা গোলাম রব্বানী এবং বঙ্গমাতা ফুটবলে (বালিকা) হেরুয়া তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেলেনা আক্তার সুইটি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাদের ক্রেষ্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম মাহাম্মদ কিবরিয়া লিটন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ডিএফএ সাধারন সম্পাদক হাকিম বাবুল সহ ডিএসএ ও ডিএফএ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

























