স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পল্লীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু (১১) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় ২ সন্তানের জনক ধর্ষক জসিম উদ্দিন (২৭) অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে ধর্ষক জসিম উদ্দিনের গ্রেফতার ও বিচার দাবিতে শহরে যখন চলছিল মানববন্ধন, ঠিক তখন পুলিশ ও পরিচিতজনদের চোখ ফাঁকি দিয়ে সে আইনজীবীর মাধ্যমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। ওইসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উভয় পক্ষের শুনানী শেষে জামিনের আবেদন নাকচ করে জসিমকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শুভ্র সাহা জানান, মামলার পর থেকেই একমাত্র আসামী জসিমকে গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। অবস্থা বুঝতে পেরেই সে গোপনীয়তা মধ্য দিয়ে আদালতে আত্মসমর্পণ করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও ধর্ষণ সংক্রান্তে জেলা সদর হাসপাতালের মেডিকেল রিপোর্ট হাতে পৌঁছেনি এবং তার ফলাফলও তিনি জানেন না।
উল্লেখ্য, ৬ অক্টোবর বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামের হাতু মিয়ার ছেলে ২ সন্তানের জনক জসিম উদ্দিন (২৭) স্থানীয় হতদরিদ্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে (১১) জোরপূর্বক একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় জসিম উদ্দিনকে একমাত্র আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু অসুস্থ অবস্থায় ভর্তির পরদিনই ধর্ষিতা শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়ায় খোদ আরএমও’র বিরুদ্ধে ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদানে ষড়যন্ত্র ও অনিয়মের অভিযোগ তুলেন চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ ও ধর্ষিতার পরিবার।























