নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত তৃপ্তি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুস মাষ্টারের মেয়ে ও স্থানীয় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পিতা আব্দুল কুদ্দুস মাষ্টার জানান, সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাংলা দ্বিতীয় পত্রের টেষ্ট পরীক্ষা দিয়ে বাড়িতে আসে তৃপ্তি। পরে বেলা ৩ টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তৃপ্তি। দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেলেও ঘরে ফিরে না আসায় তার মা মনোয়ারা বেগম পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখেন তার মেয়ে তৃপ্তি পানিতে ডুবে আছে। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তৃপ্তিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

























