শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠেছে। ১০ অক্টোবর সোমবার ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ওই ঘটনায় শাহীন মিয়া (২৭) নামে এক বখাটেসহ ৪ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার দক্ষিণ ষাইটকাকড়া গ্রামের এক কৃষকের মেয়ে ও তাতিহাটি আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে গত ২ অক্টোবর অপহরণ করে একই গ্রামের জসিম উদ্দিনের বখাটে ছেলে শাহীন মিয়া। ওই ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ ৯ অক্টোবর অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডী গ্রামের মাসুদ মিয়ার বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। সোমবার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান এ মামলা তদন্তকারী অফিসার এসআই আনোয়ার হোসেন। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। শাহীন মিয়াসহ আসামীদের গ্রেফতারের দাবি তুলেছেন ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসী জানায়, শাহীন মিয়া বিবাহিত। তার ঘরে বউ আর দু’টি সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী আরেক গ্রামে এক অবিবাহিত মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগে সে জরিমানা দিয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, স্কুলছাত্রী অপহরণের মামলার পরপরই তাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি করানো হয়েছে। এখন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।























