নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাদের হস্তান্তর করা হয়। এরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার বারমারী গ্রামের শাহাজুল হকের ছেলে মোমিন মিয়া (২২), শ্রীবরদী উপজেলার জুলগাঁও গ্রামের জবেদ আলীর ছেলে মনু মিয়া (২২), একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মিজানুর রহমান (২০), কুড়িগ্রামের রৌমারি উপজেলার চরফুলবাড়ি গ্রামের জলব উদ্দিনের ছেলে গেটু মিয়া (৪০) ও একই উপজেলার খাটিয়ামাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে শাকিবুল ইসলাম (২৫)। ওইসময় ভারতের কিল্লাপাড়া ক্যাম্প কমান্ডার রাম সিং, পুলিশের এসআই ডি হাজং এবং বাংলাদেশের হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম ও নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জানা যায়, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষীর হাতে ধরা পড়লে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। এর মধ্যে মোমিন মিয়া ২০ মাস, মনু মিয়া ৫ মাস, মিজানুর রহমান ৫ মাস, গেটু মিয়া ৪ বছর ও শাকিবুল ৫ মাস কারাভোগ করে। কারাভোগ শেষে মঙ্গলবার তাদের হস্তান্তর করা হয়।




















