ads

সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ ॥ সড়ক অবরোধ, এএসপি’র কার্যালয় ভাংচুর

খবর টি পড়েছেন : ২৩৯
নালিতাবাড়ীতে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ ॥ সড়ক অবরোধ, এএসপি’র কার্যালয় ভাংচুর
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশি নির্যাতনে বিশ্ব দেবনাথ (২২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত বিশ্ব দেবনাথ শহরের কাচারিপাড়া এলাকার বিধান দেবনাথের ছেলে। ওই ঘটনায় ২ অক্টোবর সোমবার সকাল থেকে নালিতাবাড়ী শহরে নিহত যুবকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ওইসময় তারা তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনার ৩ রাস্তার মোড়ে একাধিক স্থানে টায়ার জ্বালায়। এছাড়া তারা কিছু দোকানপাটসহ নালিতাবাড়ী সার্কেলের দায়িত্বে থাকা এএসপির কার্যালয় ভাংচুর করে। ওই ঘটনায় নালিতাবাড়ী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। জোরদার করা হয়েছে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ওই যুবককে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রবিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মাদকবিরোধী অভিযানে যাওয়ার সময় তারাগঞ্জ উত্তর বাজারস্থ একটি চায়ের দোকানের সামনে রিক্সার সাথে ধাক্কা খান নালিতাবাড়ী থানার এএসআই সুমন। ওইসময় তিনি ক্ষেপে গিয়ে পাশেই দাঁড়ানো কাচারিপাড়া মহল্লার যুবক বিশ্ব দেবনাথকে ধরে মারধর শুরু করেন এবং পকেট থেকে গাঁজা উদ্ধার দেখিয়ে আটক করে থানায় নিয়ে যান। পরে রাত ১০টার দিকে স্থানীয়দের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ব দেবনাথ অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। ওইসময় কর্তব্যরত চিকিৎসক বিশ্ব দেবনাথকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার ভোর থেকেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং বিশ্ব দেবনাথের মরদেহ নিয়ে শহরের উত্তর বাজারস্থ শহীদ মিনার ৩ রাস্তার মোড়ে অবস্থান নেয়। ওইসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের এএসআই সুমনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে ভাংচুর চালায়। ইটপাটকেল মেরে ভাংচুর করা হয় একই স্থানে থাকা সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেলের কার্যালয়। সকল প্রকার যানচলাচল বন্ধ করে মাইক বেধে বিক্ষুব্ধ হয়ে ওঠে কয়েক শতাধিক জনতা। মুহূর্তেই উত্তর বাজারে হাজারও জনতা অংশ নেয় এবং শহরে বিশ্ব দেবনাথের মৃতদেহ নিয়ে মিছিল বের করে হরতালের ডাক দেয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন, বিশ্ব দেবনাথ শৈশবে বাবাকে হারিয়েছে। বর্তমানে সে ঢাকায় গার্মেন্টে কাজ করে বিধবা মা আর ছোট বোনের সংসারের ঘানি টানছে। সদ্য সমাপ্ত দূর্গাপূজার ছুটিতে সে বাড়িতে আসে। সে কোন প্রকার নেশার সাথে জড়িত নয়। পুলিশ তাকে মিথ্যে ঘটনায় ফাঁসিয়ে নির্যাতন করেছে এবং ওই নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, প্রায় ৫০-৬০ গ্রাম গাঁজাসহ রবিবার সন্ধ্যায় বিশ্ব দেবনাথকে আটক করে নিয়ে আসা হয়। রাত ১০টার দিকে স্থানীয়দের সুপারিশের ভিত্তিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। কোন নির্যাতনের ঘটনা থানায় ঘটেনি। আমাদের সিসিটিভি ফুটেজই এর প্রমাণ। অভিযোগকারীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বিশ্ব দেবনাথের পরিবারের তরফ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তার লাশ বিশেষ নিরাপত্তায় ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে সে ধরনের কোন আলামত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অবৈধ করাতকলের চাকা জব্দ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ কর্মীদের ওরিয়েন্টেশন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads