স্টাফ রিপোর্টার ॥ ‘যুক্তির শাণিত ধারায়, সমাজ চেতনার বিনির্মাণে’- এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রিয়াজুল হাসান। শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মেনটর, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আক্রাম হোসেন।
সমাপণী দিনের মূল আকর্ষণ ছিল ‘সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা। তরুণ বিতার্কিক ইমদাদুল হক রিপন ওই ছায়া সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় সরকারি দলে লিসা, মিম ও তামান্না এবং বিরোধী দলে জিম, সাদমান ও নিশাত অংশ নেয়। এতে সরকারি দল বিজয়ী হয় এবং বিরোধী দলের নিশাত শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। এছাড়া সাদমান বিন কাওসার টুর্ণামেন্ট সেরা বক্তা নির্বাচিত হয়।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর শনিবার ওই কর্মশালা ও প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় বিতার্কিক ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়।
























