স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ধানক্ষেতের ঘাস কাটতে গিয়ে সেচঘরের বৈদ্যুতিক তারের স্পর্শে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর রবিবার সকালে শহরের নবীনগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (৩৪) নবীনগর গাইরাল বাড়ি এলাকার আব্দুল হালিম মিস্ত্রির ছেলে।
জানা যায়, বাড়ি থেকে অনতিদূরে একটি ধানক্ষেতে রবিবার সকাল ৮টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যায় কাঠমিস্ত্রী জহুরুল। এ সময় ওই ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত একটি সেচঘরের সক্রিয় বৈদ্যুতিক তার আইলের পাশের একটি লোহার খুঁটির সাথে লাগানো ছিল। বিষয়টি বুঝতে না পেরে সেই লোহার খুঁটিটি ধরে আইল পার হতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, কৃষক মাহমুদ মিয়ার ওই পরিত্যক্ত সেচঘরের পাশের খুঁটিতে এর আগে আরও কয়েকজন বিদ্যুতের শক পেয়েছেন। কিন্তু তারপরও সেই খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিদ্যুৎস্পর্শে একজনের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























