স্টাফ রিপোর্টার ॥ ‘যুক্তির শাণিত ধারায়, সমাজ চেতনার বিনির্মাণে’- এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান। শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মেনটর, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুর সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আক্রাম হোসেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়।
























