স্টাফ রিপোর্টার ॥ মানসম্মত আধুনিক শিক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে শেরপুর শহরের চকপাঠক এলাকায় প্রতিষ্ঠিত রোজবাড একাডেমির শিক্ষার্থীদের প্রচলিত আইন ও শিশু অধিকার আইন বিষয়ে ক্লাশ নিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেছা খানম। তিনি ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে সরকারি বন্ধের সুবাদে চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ধারণা দিতেই ওই ক্লাশ নেন। ওইসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু রায়হান মোঃ পাভেল ও উপাধ্যক্ষ নুর আখতার জাহান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুডিসিয়ারিতে যোগদানের পূর্বে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু রায়হান মোঃ পাভেল জানান, এ প্রতিষ্ঠানে প্রতি বছর বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে প্রচলিত আইন ও শিশু অধিকার আইনসহ ট্রাফিক আইন, শিশু স্বাস্থ্য, কৃষি শিক্ষা ও সফল মানুষের আত্মকথন বিষয়ে একটি করে ক্লাশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তারই আওতায় সরকারি বন্ধের দিনের সুবাদে একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক্লাশ নিয়েছেন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত অভিভাবকরাও খুশি হয়েছেন।
























