স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দ্বাদশ শ্রেণিপড়ুয়া এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রেমিক শামিম মিয়া এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে নকলা থানার সম্মুখের রাস্তায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সহপাঠীর ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়। এর আগে শিক্ষর্থীরা নকলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের ওই প্রতিবাদে অংশ নেন কলেজের শিক্ষকরাও।
উল্লেখ্য, নকলার বানেশ^র্দী গ্রামের ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে মেলামেশার পরও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী গ্রামের যুবক শামিম মিয়া তাকে বিয়ে না করায় তার মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শামিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণ এবং পরবর্তীতে আপোস-মিমাংসার নামে মতি ও জিয়া নামে ২ যুবকের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। অন্যদিকে অভিযোগ রয়েছে, শেরপুর সদরের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিকের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই তার ছোটভাই ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনকে প্রেমিক-প্রেমিকার মধ্যকার ঘটনায় জড়ানো হয়েছে।























