স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩১ পরিবারের মাঝে গৃহনির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় কয়েকজন মানবাধিকার কর্মীর উদ্যোগে ফেসবুক ইভেন্টের মাধ্যমে সংগৃহীত তহবিলের আওতায় শনিবার দুপুরে সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়ায় ১৩টি, জঙ্গলদীতে ৯টি ও হালগড়ায় ৯টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, সিমেন্টের খুটি, গৃহ উত্তোলনের জন্য অর্থসহ ওই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে কুলুরচর বেপারীপাড়া ক্লাবে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, হযরত শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক ইমাম হাসান গাজী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন ও জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক এডভোকেট আব্দুল খালেক, স্বেচ্ছাসেবী সংগঠন রজীবা’র আহবায়ক সোহেল রানা, আর্তনাদ’র সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শামীম হোসেন, সোহেল রানা ও এমদাদুল হক রিপনের উদ্যোগে একটি ফেসবুক ইভেন্ট খোলা হলে সাড়া দেয় বিভিন্ন সংগঠনসহ দানশীল ব্যক্তি। ওই সংগৃহীত তহবিলের আওতায় শেষ ধাপে হতদরিদ্র ৩১ পরিবারকে গৃহনির্মাণ সহায়তা দেওয়া হয়।























