দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর ॥ শেরপুরে রোহিঙ্গাদের জন্য জেলা সাহায্য কমিটিসহ মোট ৬টি কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা সমন্বয় কমিটির সভায় জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক সভা করে আরও ৫টি সাহায্য কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন প্রমুখ। ওই সভায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট জেলা রোহিঙ্গা সাহায্য কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে ৭ সদস্যের উপজেলা সাহায্য কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক রোহিঙ্গাদের সাহায্য করার জন্য জেলা ও উপজেলা কমিটির নামে সোনালী ব্যাংকে প্রতি উপজেলায় একটি করে হিসাব খোলা হবে। গঠিত কমিটিকে না জানিয়ে রোহিঙ্গাদের সাহায্যের নামে কেউ কোন অর্থ উত্তোলন করতে পারবে না। ব্যক্তিগতভাবে কেউ টাকা তুলতে পারবে না। টাকা দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। উত্তোলিত সকল টাকা জেলা কমিটির একাউন্টে জমা করতে হবে। রোহিঙ্গাদের সাহায্য করার নামে কোন গোষ্ঠী বা ব্যক্তি চাঁদাবাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দিরের মাধ্যমে কেউ যদি টাকা তুলে, তবে প্রতি রবিবার উত্তোলিত টাকা জেলা একাউন্টে জমা করতে হবে। কমিটি কোন ক্যাশ টাকা নেবে না। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক রোহিঙ্গাদের সাহায্যার্থে ওইসব কমিটি গঠিত হয়েছে। এর মাধ্যমে নিয়মমাফিক সাহায্য উত্তোলন এবং তা বিতরণে যথাযথভাবে পৌঁছে দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
























