সমস্যাটি পুরনো। ইতিবাচক অগ্রগতিটি হলো; যারা সমস্যাটি সৃষ্টি করেছেন তারা সমস্যার গভীরতাটি বুঝতে পেরেছেন এবং সমাধানের জন্য নিজেরাই উদ্যোগী হয়েছেন। এ পর্যন্ত এসে সমাপনী মন্তব্যটি করা গেলে খুবই ভাল হতো। কিন্তু নাফ নদে অনেক জল শুধু গড়ায়নি, হায়েনাদের ছোবলে সেই জল রক্তবর্ণ হয়েছে, মাছ নয় ভেসে উঠছে মৃত রোহিঙ্গাদের লাশ; ঘটনার সঙ্গে কোনভাবে যুক্ত না হয়েও সমস্যার ভারে জবুথবু বাংলাদেশ। যে পর্যায়ে এসে এই লেখা সেই পর্যায়ে সমস্যার সমাধান সূত্রের সঙ্গে যুক্ত করতে হচ্ছে নতুন দাবি : রাখাইন রাজ্যে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে।

সমস্যার গভীরতার এই পর্যায়ে এসেও যেহেতেু সমাধান খুঁজতেই হবে; সেহেতু মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আপাতত; জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্ট ও তাদের ৮৮ দফা সুপারিশকেই সমাধান সূত্র বলে মানছেন সবাই। ইতিবাচক দিকটি হলো: এই কমিশন বা সুপারিশগুলো কোন চাপিয়ে দেয়া বিষয় নয়। আর সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকার যে আগ্রহ দেখিয়েছে তাতেও কোন আন্তর্জাতিক চাপ ছিল না।
কোফি আনান কমিশন কিভাবে হলো

২০১৬ সালের ৫ সেপ্টেম্বরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির আনুষ্ঠানিক অনুরোধে কোফি আনান ফাউন্ডেশন এবং সুচির দফতর যৌথভাবে রাখাইন রাজ্যের জন্য উপদেষ্টা কমিশন নামে এই কমিশন গঠন করে। নয় সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান, অপর আট সদস্যের মধ্যে ৬ জন মিয়ানমানের; নাগরিক বাকি দু’জন আন্তর্জাতিক সদস্য। এটিই কোফি আনান কমিশন নামে পরিচিত লাভ করে।
কেন এই কমিশন
কমিশনের কার্যপরিধি সম্পর্কে বলা হয়: তারা রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ের বর্তমান অবস্থান বিশ্লেষণ করবে এবং সেখানে যে সহিংসতা হচ্ছে, মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে ও সম্প্রীতি নষ্ট হচ্ছে তার কারণ অনুসন্ধান করবে, পাশাপাশি কমিশন এই অঞ্চলের অনুন্নয়ন ও পিছিয়ে পড়ার কারণগুলো চিহ্নিত করবে। এই কাজ সম্পাদনের জন্য কমিশনকে সময় বেঁধে দেয়া হয় এক বছর।
কমিশন কিভাবে কাজ করেছে
এই দায়িত্ব পালন করার জন্য কমিশন বড় দাগে তাদের কাজের পাঁচটি ক্ষেত্র নির্ধারণ করে। এগুলো হচ্ছে সংঘাত নিরসন, মানবিক সাহায্য, পুনরেকত্রীকরণ, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং উন্নয়ন। আউং সান সুচির অনুরোধে কমিশন রিপোর্টে ‘রোহিঙ্গা’ বা ‘বাঙালী’ পরিচিতিটি ব্যবহার করেনি, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয়েছে ‘মুসলিম’ বা ‘রাখাইনের মুসলিম জনগোষ্ঠী।’ ‘কামান’ বলে যে মুসলিম জনগোষ্ঠীকে মিয়ানমারে চিহ্নিত এই রিপোর্টে তাদের কথা বলা হয়নি। কার্যকালে কমিশন রাখাইন রাজ্য সরকার, রাখাইন পার্লামেন্ট, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি সংগঠন, গ্রামের সমাজপতি, বেসরকারী খাতের প্রতিনিধি, বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া জনগোষ্ঠীর প্রতিনিধি, রাজ্যেও প্রধান দুই সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ধর্মীয় ও জাতিগোষ্ঠীর (কামান, চীনা, হিন্দু এবং ম্রো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রীয় পর্যায়ে কমিশন মিয়ানমারের রাষ্ট্রপতি, স্টেট কাউন্সিলর আউং সান সুচি, সেনাবাহিনী প্রধান এবং রাখাইন রাজ্যে শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
সমস্যার জটিলতা বুঝতে মিয়ানমারের সীমা ছাড়িয়ে
রাখাইন রাজ্যের সমস্যাটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও তার প্রভাব পড়েছে আঞ্চলিক পর্যায়ে। সে কারণে আনান কমিশন সমস্যার গভীরতা বোঝার জন্য এই সমস্যার সঙ্গে অনাকাক্সিক্ষতভাবে জড়িয়ে পড়া দেশগুলোর সঙ্গেও মতবিনিময় করে। বাংলাদেশ সফরকালে কমিশন সদস্যরা কক্সবাজোরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং ঢাকায় উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ব্যাঙ্ককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও কমিশন চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কমিশনের সদস্যরা ভারত, চীন এবং মালয়েশিয়ার প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ কর্মকর্তা, মিয়ানমারভিত্তিক নানা আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠী, এনজিও, আঞ্চলিক সংস্থা এবং নিরপেক্ষ বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় করেন। কমিশন মিয়ানমার ও রাখাইনের বিভিন্ন অঞ্চল ছাড়াও ঢাকা, কক্সবাজার, ব্যাঙ্কক, জেনেভায় ১৫৫টি বৈঠক করেন এবং বিভিন্ন পদমর্যাদার প্রায় ১১০০ জনের সঙ্গে মতবিনিময় করেন।
শুরু থেকেই নানামুখী জটিলতা
একটি শুভ ইচ্ছা থেকে এই কমিশন গঠন করা হলেও শুরু থেকেই এই কমিশনকে নানা চড়াই-উৎরাই পথ পাড়ি দিতে হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সনের আগস্ট পর্যন্ত কমিশনের কার্যকালে মাঝে মধ্যেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। রাখাইনে যেমন নানা সহিংস ঘটনা ঘটেছে পাশাপাশি কমিশনের কাজে বিঘœ সৃষ্টির জন্য নানা প্রকাশ্য তৎপরতাও চালানো হয়েছে। কমিশন কাজ শুরুর সময়েই মিয়ানমার পার্লামেন্টে এই কমিশন নিষ্ক্রিয় করার জন্য প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাবটির পক্ষে অবস্থান নেয় আরাকান ন্যাশনাল পর্টি, সেনা সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডি) এবং পার্লামেন্টে সেনাবাহিনী থেকে মনোনীত ১১০ জন সদস্য। দেখা যাচ্ছে বেসামরিক নেতা আউং সান সুচি এই কমিশন গঠনের উদ্যোগ নিলেও শুরু থেকেই মিয়ানমারের সেনাবাহিনী, সেনা সমর্থিত রাজনৈতিক দল এবং উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী গোষ্ঠী এর বিরুদ্ধে অবস্থান নেয়। সুচির দলের দৃঢ় অবস্থানের কারণে কমিশন নিষ্ক্রিয় করার এই প্রস্তাবটি জাতীয় পার্লামেন্টে পাস হয়নি। কিন্তু মধ্য সেপ্টেম্বরে রাখাইন রাজ্য পার্লামেন্টে প্রায় একই ধরনের একটি প্রস্তাব পাস হয়, ফলে রাখাইন রাজ্য পর্যায়ে কেউ কেউ আনুষ্ঠানিকভাবেই এই কমিশনকে বয়কট করে।
অন্যদিকে কমিশন গঠনের মাত্র এক মাসের মধ্যে ২০১৬ সালে অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা পরিস্থিতিকে জটিল করে তোলে। এত ঝুট ঝামেলা অতিক্রম করে প্রায় এক বছর ধরে কাজ করে এই কমিশন।
অন্তর্বর্তী রিপোর্ট ও মিয়ানমারের আগ্রহ
২০১৭ সালের ১৬ মার্চ কমিশন অন্তর্বর্তী রিপোর্ট ও সুপারিশমালা হস্তান্তর করে। মিয়ানমার সরকার এই সুপারিশগুলো জনসন্মুখে প্রকাশ করে এবং এর বেশিরভাগ বাস্তবায়নেই তাদের আগ্রহের কথা জানায়। সে সময়ই মিয়ানমার সরকার ঘোষণা দেয় যেহেতু রাখাইন রাজ্যের সমস্যার জন্য বাংলাদেশে অনেক শরণার্থী ঢুকে পড়েছে সে জন্য সমস্যা সমাধানে একটি যৌথ কমিশন গঠন করা হবে, যৌথ সীমান্ত ব্যবস্থাপনার কথা তখন মিয়ানমারের পক্ষ থেকেই বলা হয়।
কমিশনের অবস্থান
রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে কমিশনের অবস্থান তুলে ধরে কমিশনের চেয়ারম্যান তার সূচনা বক্তব্যে লিখেছেন : আউং সান সুচি তাদের একটি জোরালো সুপারিশ দেয়ার কথা বলেন; সে জন্য নানা জটিলতার মধ্যেও কমিশন সাহসিকতার সঙ্গে সেই কাজটি করে। কমিশন কঠোর নিরপেক্ষতার মধ্য দিয়ে একদিকে যেমন রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে তেমনি এর সমাধানের জন্য সুদূরপ্রসারী সুপারিশমালাও তুলে ধরে। কমিশন মনে করে এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের মূল দায়টি হচ্ছে : মিয়ানমারের কেন্দ্রীয় ও রাখাইন রাজ্য সরকার, জাতীয় ও রাজ্য পার্লামেন্ট, ধর্মীয় ও কমিউিনিটি নেতারা সর্বোপরি রাখাইন রাজ্যের জনগণের। কমিশন প্রস্তাব করে : এ জন্য কেন্দ্রীয় সরকার যেন এমন একটি পদ্ধতি বের করে যাতে ধারাবাহিকভাবে এই সুপারিশমালা বাস্তবায়নের পথটি সুগম হয়। কমিশন নিজেও এ বাস্তবতা উপলব্ধি করেছে যে: এই সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে জন্য কমিশন মিয়ানমারের কমান্ডার-ইন-চীফ, সিনিয়র জেনারেল মিন অং হলেইঙ্গ এবং সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করে।
কমিশনের ভাষ্যে নেপথ্য চিত্র
রাখাইন সমস্যা নিয়ে বিভ্রান্তির অন্ত নেই। এই বিভ্রান্তির কিছুটা অজ্ঞতাপ্রসূত, বেশিরভাগই পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। আনান কমিশন বিস্তর গবেষণা শেষে স্পষ্টভাবেই উল্লেখ করেছে : রাখাইন রাজ্য প্রতিষ্ঠিত হয় ১৪৩০ সালে, তখন এর রাজধানী ছিল মারুক ইউতে এবং বাংলার সুলতানদের সঙ্গে এই রাজ্যের চমৎকার ব্যবসায়িক সম্পর্ক ছিল। ১৭৮৪-৮৫ সালে সেখানে বর্মার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৮২৪-১৮২৬ ব্রিটিশ-বার্মিজ যুদ্ধের সময় রাখাইন চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে। বার্মিজ নিয়ন্ত্রণের আগে থেকেই রাখাইনে মুসলমানরা বসবাস করত, কিন্তু পরবর্তী সময়ে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। এই গবেষণায় যে সত্যটি প্রতিষ্ঠিত হয় : রাখাইনে মুসলমানদের বসবাস ১৯৮৪ সালেরও আগে থেকে এবং বার্মিজরা সেখানে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে থেকেই।
ব্রিটিশ রাজত্বকালে তারা কৃষি কাজ, বিশেষত ধানচাষের দিকে নজর দেয়। সে জন্য প্রচুর শ্রমশক্তির প্রয়োজন হলে বেঙ্গল থেকে বহু শ্রমিক সেখানে কাজ করতে যায়। তবে বেশিরভাগই যায় মৌসুমী কাজ করতে, অনেকে আবার স্থায়ী বসতিও গড়ে সেখানে।
১৮৮০ থেকে ১৯৩০ পর্যন্ত সময়কালে রাখাইনে মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। তবে এ নিয়ে রাখাইন এবং মুসলিমদের মধ্যে কোন বৈরিতা ছিল না। মূলত উনিশ শতক থেকে মুসলিম-বৌদ্ধ দ্বন্দ্ব শুরু হয়। ১৯৪২-৪৩ সালে ব্রিটিশ-জাপান যুদ্ধে দুই সম্প্রদায়ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে দ্বন্দ্ব শুরু হয় ২০১২ সাল থেকে। এর নেপথ্যে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের ইন্ধন আছে বলে দাবি বিভিন্ন মহলের।
তিন প্রধান সঙ্কট
কমিশন প্রাথমিকভাবে রাখাইন রাজ্যের তিনটি সঙ্কট চিহ্নিত করে। এই তিন সঙ্কট হলো : উন্নয়ন সঙ্কট, মানবাধিকার সঙ্কট এবং নিরাপত্তা সঙ্কট। এসব খাতের মূল সমস্যাগুলো চিহ্নিত করে ৮৮টি সুপারিশ করেছে আনান কমিশন।
পিছিয়ে পড়া রাখাইন
উন্নয়ন সঙ্কট বিশ্লেষণ করে দেখা যায় : রাখাইন রাজ্য সার্বিকভাবে দেশের অন্য অংশের চাইতে সকল অর্থেই পিছিয়ে আছে। মিয়ানমারে সামগ্রিকভাবে দরিদ্রের হার যখন ৩৭.৫৪ শতাংশ. তখন রাখাইনে দরিদ্রের হার প্রায় ৭৮ শতাংশ। উত্তর রাখাইনে ৬০ ভাগ পরিবার গৃহহীন। তবে রাখাইন রাজ্য ঘিরে রয়েছে ভারত ও চীনের বিশাল প্রকল্প। যেমন, ভারত-মিয়ানমার যৌথ উদ্যোগে কালাদান মালটি-মডেল ট্রান্সপোর্ট ট্রানজিট প্রকল্প ভারতের মিজোরামকে চীন ও রাখাইন হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ করবে। এই প্রকল্পের অন্যান্য অংশজুড়ে রয়েছে ভারতের বাজার সম্প্রসারণের। অন্যদিকে রাখাইন থেকে গ্যাস পাইপলাইন যাবে চীনের ইউনানে। এ ছাড়া স্পেশাল ইকোনমিক জোন এবং ডিপ সি পোর্টেও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন।
সাম্প্রদায়িক সংঘাত, জাতিগত বৈরিতা, ভূমি সমস্যা এবং শ্রমশক্তির একটা বড় অংশ অন্যান্য রাজ্যে চলে যাওয়ায় রাখাইন রাজ্যের উন্নয়নে কখনই চাঙ্গাভাব আসেনি। বিশেষত মুসলিম জনগোষ্ঠীর ওপর নানা বিধিনিষেধ রাজ্যের অগ্রযাত্রায় তাদের ভূমিকার পথও সঙ্কুুচিত করেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন রাজ্যে বেসরকারী বিনিয়োগ উৎসাহিত হয়নি স্থানীয়ভিত্তিক জাতিগত বৈরিতা, সহিংসতা ও বিচ্ছিন্নতার জন্য। ফলে কিয়কপিউতে তেল-গ্যাসভিত্তিক বিনেয়োগও তেমন কর্মসংস্থান তৈরি করতে পারেনি। অন্যদিকে কেন্দ্র সরকারের নানা সিদ্ধান্ত রাখাইন ও মুসলিম জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবেই ঠেলে দিয়েছে।
এই খাতে সঙ্কট উত্তরণের জন্য আনান কমিশনের মোট ১০টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি সমস্যার সমাধান, শ্রমবাজার মূল্যায়ন, নারী শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা।
রাষ্ট্রহীন জনগোষ্ঠী
মানবাধিকার সঙ্কট বিশ্লেষণে দেখা যায় : রাখাইন রাজ্যে দৃশ্যত সব সম্প্রদায়ই কোন না কোনভাবে সহিংসতা ও নিপীড়নের শিকার। বিশেষত মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত নিপীড়ন তাদের জীবনকে শুধু দুর্বিষসহই করে তোলেনি বরং তাদের ‘রাষ্ট্রহীন’ এক জনগোষ্ঠীতে রূপান্তরিত করেছে। কমিশন বলছে, বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর ১০ ভাগেরই বাস মিয়ানমারে এবং রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় একক রাষ্ট্রহীন জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে এমন কিছু নিষেধাজ্ঞার মধ্যে জীবনযাপন করতে হয় যা দৃশ্যত তাদের সকল মানবাধিকার থেকে বঞ্চিত করে। মুসলিম সম্প্রদায়ের প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য অভ্যন্তরীণভাবে ঠিকানাহীনদের ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মুসলিম সম্প্রদায়কে সব রাজনৈতিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।
নাগরিকত্ব সমস্যা
মানবাধিকার সঙ্কট বিশ্লেষণ করে প্রধানতম সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে নাগরিকত্বকে। কমিশন বলছে : ৩৫ বছরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকত্বের বিষয়টিকে একটি জটিল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ২০০৮ সালের সংবিধানকে কমিশন বলছে, আন্তর্জাতিক মানদ-ে অগ্রহণযোগ্য। বস্তুত এই নাগরিকত্ব সমস্যাই রাখাইন রাজ্যে উত্তেজনা ও সহিংসতার মূল কারণ।
বর্মা/মিয়ানমারের স্বাধীনতার পর থকে দশকের পর দশকজুড়ে রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের আগেও রাখাইনের মুসলিম জনগোষ্ঠী অনেক মর্যাদা ও অধিকার নিয়েই বসবাস করতেন। ১৯৭৮ এবং ১৯৯১ সালে সেনা সরকারই ২ লাখেরও বেশি মুসলিমকে ঠেলে দেয় বাংলাদেশে। দেখা যাচ্ছে নাগরিকত্ব সমস্যার সমাধান করা হচ্ছে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন দিয়ে যেটিও আন্তর্জাতিক মানদ-ে গ্রহণযোগ্য হয়। একে তো এই আইনের সীমাবদ্ধতা রয়েছে, পাশাপাশি এই আইন প্রয়োগ করা হচ্ছে ইচ্ছামাফিক, সুবিধামতো। আনান কমিশন সুপারিশ করছে : ১৯৮২ সালের আইনটিকে আবার যাচাই বাছাই করতে হবে। এই যাচাই-বাছাইয়ে ‘নানা ধরনের নাগরিকত্বের’ বিষয়টি বাতিল করতে হবে। আন্তর্জাতিক আইন বলছে, কাউকে রাষ্ট্রবিহীন রাখা যাবে না। নতুন আইনে যারা স্থায়ীভাবে দেশে অবস্থান করছেন তাদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারী নীতির কারণে যে সব নাগরিক তাদের কাগজপত্র হয় সরকারের কাছে জমা দিয়েছেন অথবা হারিয়ে ফেলেছেন তাদের নাগরিকত্বের বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করতে হবে। নাগরিকত্ব সমস্যার সমাধান করতে হবে দ্রুত, স্বচ্ছতার সঙ্গে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে রাখাইন ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে। নাগরিকত্ব বিষয়টি নিষ্পত্তি করতে যথাসম্ভব জটিলতা কমিয়ে। কাউকে নাগরিকত্ব না দিলে তার কারণও স্পষ্ট করে বলতে হবে। নাগরিকত্ব না নিয়েও যারা দেশটিতে অবস্থান করবেন তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। নাগরিকত্ব নিয়ে কোন ধরনের অভিযোগ-আপত্তি দেখা দিলে তা নিষ্পত্তি করতে হবে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে।
মানবাধিকার বিষয়ে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে ৬টি সুপারিশে। এতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের স্বাধীভাবে চলাচলের বিষয়টি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে সব পক্ষপাতিত্ব পরিহার করে।
ভয়ের রাজ্য রাখাইন
নিরাপত্তা সঙ্কট রাখাইন রাজ্যকে দৃশ্যত একটি ভয়ের রাজ্যে পরিণত করেছে। ২০১২ সালের সহিংসতার ঘটনার পর মুসলমানদের যেমন বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়, তেমনি রাখাইন সম্প্রদায়ের মধ্যে ভয় যে, তারা একদিন মুসলমানদের চাইতে সংখ্যালঘু হয়ে যাবে। এই পরিস্থিতির দ্রুত অবসান না হলে দুই গোষ্ঠীই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে। কমিশন মনে এই নিরাপত্তা সঙ্কট দূর করতে সেনা অভিযানই একমাত্র সমাধান নয়, বরং অতিমাত্রার সেনা অভিযান পরিস্থিতি আরও জটিল করে তুলবে। মানুষের স্বাভাবিক অধিকার যদি নিশ্চিত করা না যায় তা আরও জটিলতার সৃষ্টি করবে এবং তা উগ্রবাদী শক্তি বৃদ্ধিতেই সহায়তা করবে।
পৃথকভাবে চিহ্নিত করা হলেও কমিশন বলছে, এই তিনটি সমস্যাই আন্তঃসম্পর্কযুক্ত। কমিশন জোর দিয়েই বলছে : আর্থিক ও কারিগরি সীমাবদ্ধতা এবং মিয়ানমারের জনগোষ্ঠীর কিছু অংশের বিরোধিতা থাকলেও দেশেটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে রাখাইন অঞ্চলের ভবিষ্যত অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপদ ও নিরাপত্তা, সকল জাতি গোষ্ঠীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে দৃঢ় হাতেই। এ অঞ্চলে রাখাইন ও মুসলিম জনগোষ্ঠী একত্রে বাস করবে এ কথা বলাই যথেষ্ট নয়, বরং বিচ্ছিন্নতা নয়, অন্তর্ভুক্তির দর্শন নিয়ে তারা কিভাবে পরস্পর মিলিত জীবনযাপন করবে নিশ্চিত করতে হবে সে বিষয়টিই।
আনান কমিশন রাখাইন রাজ্যে ঠিকানাবিহীন মানুষের ঠিকানা নিশ্চিত করা, মানবিক সাহায্যের পথ প্রশস্ত করা, গণমাধ্যমের প্রবেশ অবাধ করা, রাখাইনবাসীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ, সম্প্রদায়ভিত্তিক প্রতিনিধিত্বমূলক অংশাদারিত্ব নিশ্চিত করা, আন্তঃসম্প্রদায় সম্প্রীতি স্থাপন, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য সুনর্দিষ্ট সুপারিশ করেছে।
আনান কমিশনের রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে : বাংলাদেশের সঙ্গে সীমান্ত ইস্যু এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে। কমিশন বলছে রাখাইন রাজ্যের সমস্যা নিষ্পত্তির জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আন্তরিক উদ্যোগের কোন বিকল্প নেই। মাদক নিয়ন্ত্রণের জন্য যৌথ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার ওপরও জোর দিয়েছে কমিশন। আনান কমিশনের ৭৮ নম্বর সুপারিশে খুব স্পষ্টভাবে বলা হয়েছে : কমিশনের অন্তর্বর্তী সুপারিশের অনুসরণে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন করার যে আগ্রহ প্রকাশ করেছে তাকে কমিশন স্বাগত জানায়। ৭৯ নম্বর সুপারিশে বলা হয়েছে : আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করবে। ৮০ নম্বর সুপারিশে বলা হচ্ছে : প্রত্যাবাসনের পর সকল শরণার্থীকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি যাদের ঘরবাড়ী ধ্বংস হয়েছে তাদের বসতভিটা গড়ে তোলার দায়িত্বও নেবে মিয়ানমার সরকার। ৮১ নম্বর সুপারিশে জোর দেয়া হয়েছে যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনার ওপর, সবাই স্মরণ করতে পারেন এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবও রয়েছে টেবিলে। কমিশন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর সুপারিশও করেছে।
রোহিঙ্গা সমস্যার আপাত সমাধান সূত্র আনান কমিশনের রিপোর্ট এ বিষয়ে কোন সন্দেহ নেই। মিয়ানমার তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেবে তাতেও কারও কোন আপত্তি থাকার কথা নয়, কিন্তু কিছু দুর্বৃত্তকে দমনের জন্য একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করা হবে এটি আইন, মানবিকতা এবং আন্তর্জাতিক বিধি কখনই সমর্থন করে না। লাখ লাখ অসহায় শরণার্থীকে আশ্রয় দিয়ে উদার মানবিক বাংলাদেশকে গোটা বিশ্ব যেভাবে প্রশংসা করেছে, সেই আন্তর্জাতিক সমাজকেই এগিয়ে আসতে হবে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সমস্যার মূলোৎপাটনের যাত্রা শুরু করার জন্য। বাংলাদেশ তার কাজটুকু করেছে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাদের কাজ করার।
লেখক : সাংবাদিক, প্রধান সম্পাদক- একুশে টেলিভিশন।

























