স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের প্রাণকেন্দ্র কালিরবাজার এলাকায় থাকা জেলা চাউলকল মালিক সমিতি ভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১৮ আগস্ট শুক্রবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ চোরদের ফেলে যাওয়া তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি স্ত্রু ড্রাইভার জব্দ করেন। ওই ঘটনায় চাউলকল মালিক সমিতির অফিস সহকারী আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দল ওই ভবনের প্রধান ফটকের লোহার কলাপসিবল গেইটের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। পরে তারা ওই ভবনে থাকা এডভোকেট আব্দুল মান্নানের ল’ চেম্বারের সাটারের তালা ভেঙে চেম্বারে প্রবেশ করে এবং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে ওয়ালটন ও ওকাপিয়ার দুটি মোবাইল ফোনসহ কিছু নগদ টাকা নিয়ে নেয়। এরপর ওই ভবনেই থাকা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের পরিচালনাধীন শ্যামলবাংলা২৪ডটকম, দৈনিক জনকণ্ঠ, বাংলাদেশ বেতার ও সাপ্তাহিক দশকাহনীয়া’র অফিসের সাটারের তালা ভাঙতে ব্যর্থ হয়ে জানালার থাই গ্লাসের তালা ভেঙে গ্রীলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা চালায় এবং ভবনের দ্বিতলে গিয়ে চাউলকল মালিক সমিতির অফিসের তালা ভাঙার চেষ্টায় ব্যর্থ হয়। এছাড়া তারা ওই ভবনের পার্শ্বস্থ রকি মার্কেটে থাকা জনৈক শাহীন মিয়ার পরিচালনাধীন একটি বেকারী এজেন্সী প্রতিষ্ঠানের লোহার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ এবং ড্রয়ারের তালা ভেঙে নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। শহরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও কালিরবাজার বটতলা এলাকায় নিয়মিত দু’জন নৈশপ্রহরী থাকার পরও প্রায় দেড়-দুই ঘন্টার সময়কালে ওই দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় জেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশন উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার দাবি করেছেন। একই দাবি জানিয়েছেন চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।























