স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ, শেরপুর জেলা শাখার বিরুদ্ধে এবার চাঁদাবাজীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা সিএনজিচালিত অটোরিক্সা-অটো টেম্পু চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৪৫৮৮)। ১৯ আগস্ট শনিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনালস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ওয়াজ কুরুনী লিখিত বক্তব্যে ওই অভিযোগ উত্থাপন করেন। সেইসাথে তিনি অবিলম্বে ওই চাঁদা আদায় বন্ধ না হলে আগামী ২৩ আগস্ট থেকে জেলা সিএনজিচালিত অটোরিক্সা-অটোটেম্পুসহ তিন চাকাচালিত যান শ্রমিকদের সাথে নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, দীর্ঘ দিন যাবত শহরের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিক্সা ও অটো টেম্পু শ্রমিকদের সংগঠন থাকার পরও বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ (রেজিঃ নং-২০৪৪) নাম দিয়ে একটি সংগঠনের নেতৃবৃন্দ জোরপূর্বক নিরীহ চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং চাঁদা না দিলে তাদেরকে নাজেহাল করে আসছে। ওই বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার পরও কোন সুরাহা হয়নি। সংবাদ সম্মেলনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। ওইসময় জেলা সিএনজিচালিত অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনতাজ আলীসহ ৫ উপজেলার শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে জেলা সিএনজিচালিত অটোরিক্সা-অটো টেম্পু চালক-শ্রমিক ইউনিয়নের উত্থাপিত চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগের শেরপুর জেলা শাখার সভাপতি রুকুনুজ্জামান আলমগীর জানান, আমাদের সংগঠনটি সম্পূর্ণভাবে বৈধ। সংগঠনের নিয়ম-নীতি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এতে ঈর্ষান্বিত হয়ে তারা তথাকথিত চাঁদাবাজীর অভিযোগ তুলে ধু¤্রজাল সৃষ্টির চেষ্টা করছে।























