মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের উপকারভোগীদের চলমান স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিস কক্ষে অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ওইসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বেশ কয়েকজন ডাক্তারসহ বিভিন্ন এলাকা থেকে আগত মা ও শিশুরা উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোসহ তাদের মাঝে বিনামূল্যে গুড়াদুধ, খাবার স্যালাইন এবং বিস্কুট বিতরণ করা হয়।























