বাসা থেকে রাগ করে পালিয়ে যাওয়া শিশু রাকিবকে অভিভাবকের নিকট ফিরিয়ে দিল আপন ফাউন্ডেশন

খবর টি পড়েছেন : ১৪৯
বাসা থেকে রাগ করে পালিয়ে যাওয়া শিশু রাকিবকে অভিভাবকের নিকট ফিরিয়ে দিল আপন ফাউন্ডেশন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : বাসা থেকে রাগ করে পালিয়ে যাওয়া শিশু রাকিবকে (১১) অভিভাবকের নিকট ফিরিয়ে দিয়েছে শিশুদের আশ্রয় কেন্দ্র ঢাকার আপন ফাউন্ডেশন। ১৪ আগস্ট বিকেলে শেরপুর জেলা প্রশাসকের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন শিশু রাকিবকে তার মা শাবানার হাতে তুলে দেন। রাকিব শেরপুরের সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

Shamol Bangla Ads

এ সময় সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান, আপন ফাউন্ডেশনের কর্মকর্তা অনিক ইসলাম, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শক্তিপদ পাল, মানবাধিকারকর্মী শামীম আহমেদ ও এমদাদুল হক, রাকিবের মা শাবানা ও চাচা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
রাকিবের মা শাবানা বলেন, তাঁর স্বামী খালেক ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর তিনি (শাবানা) ঢাকাতেই গৃহকর্মীর কাজ করেন। স্বামী ও চার ছেলে-মেয়েকে নিয়ে ঢাকার দক্ষিণ খিলগাঁওয়ে ভাড়া বাসায় থাকেন। রাকিব তার তৃতীয় সন্তান। সে সামান্য লেখাপড়া করেছে, তবে একটু জেদী। দুই মাস আগে ছোট ভাই শামীমের সঙ্গে রাগ করে ঢাকার বাসা থেকে পালিয়ে যায় রাকিব। এরপর অনেক সন্ধান করেও তার (রাকিব) খোঁজ পায়নি পরিবার। কিন্তু কপাল ভাল ছিল রাকিবের। সে কোনো পাচারকারীচক্রের হাতে পড়েনি। পালিয়ে যাওয়ার রাতেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে রাকিবকে উদ্ধার করে আপন ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে ওই ফাউন্ডেশন থেকে তাঁদের ঠিকানা সংগ্রহ করে আজ সোমবার বিকেলে রাকিবকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই দুই মাস ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্রে ছিল রাকিব।
রাকিবকে বুকে জড়িয়ে ধরে শাবানা বলেন, ‘অনেক কষ্টে আমার বুকের ধনকে ফিরা পাইছি। ও যাতে আর হারাইয়া না যায় তার জন্য সব সময় লক্ষ রাখমু। ওরে যারা আমার কাছে ফিরাইয়া দিছে তাগরে ধন্যবাদ জানাই।’
আপন ফাউন্ডেশনের কর্মকর্তা অনিক ইসলাম বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশুদের পুনর্বাসনের নির্দেশনা প্রদান করেন। সেই থেকে আপন ফাউন্ডেশন পথশিশুদের নিয়ে কাজ করছে। হারিয়ে যাওয়া কোন শিশু যাতে পাচারকারীচক্র বা অন্য কোন অপরাধীদের খপ্পড়ে না পড়ে তার জন্য তাদেরকে দ্রুত উদ্ধার করা হয়। এ ছাড়া ফাউন্ডেশনের আশ্রয় কেন্দ্রে পথশিশুদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিবাচক মানসিক পরিবর্তন করা, পথশিশুদের প্রয়োজনীয় তথ্যসহ ডাটাবেইজ তৈরি করা ও পথশিশুদের সাময়িক আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৬টি খনন যন্ত্র ধ্বংস পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads