ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের ৬ টি খননযন্ত্র ধ্বংস করেছে। ১৪ আগস্ট সোমবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামের পাহাড়ি ঝোড়া ও সন্ধ্যাকুড়া গ্রামের মহারশ্মি নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিককুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নলকুড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামের পাহাড়ি ঝোড়া ও সন্ধ্যাকুড়া গ্রামের মহারশ্মি নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ওই সময় আদালত বালু উত্তোলনের ছয়টি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করে দেন। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।























