নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পৌর শহর ও ৮ টি ইউনিয়নের বাড়িঘর থেকে পানি নেমে গেছে। তবে এখনও প্রায় ৮শ হেক্টর আমনের বীজতলা ও রোপা আমন পানির নিচে রয়েছে।
উপজেলা কৃষি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার ও শনিবার দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার ভোগাই নদীর ১৩টি স্থানের প্রায় দুই হাজার ৯১০ ফুট ভোগাই নদীর বাঁধ ভেঙে যায়। এতে পৌরসভাসহ ৮টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় ৫ হাজার ৬শ পরিবার পানিবন্দি হয়ে যায়। তবে রবিবার ভোর থেকেই ওই সব অঞ্চলের পানি নেমে গেছে। কিন্তু এখনও প্রায় ৮শ হেক্টর আমনের বীজতলা ও রোপা আমন পানির নিচে রয়েছে। তবে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, কলসপাড়, মরিচপুরান ও ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী ইউনিয়নের কিছু অংশ, হাতিবান্দা, ধানশাইল ইউনিয়নের কিছু নিন্মাঞ্চল গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা খালভাঙ্গা গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে জমিতে পানি আছে। তাছাড়া নদীর পানিতে আমনের খেতে বালু এসে ভরে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, এখনও প্রায় ৮শ হেক্টর আমনের বীজতলা ও রোপা আমন পানির নিচে রয়েছে। তবে দুই একদিনের মধ্যে পানি নেমে যাবে। ফলে কৃষকের কোন ক্ষতি হবে না।

























