শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে গত কয়েক দিনে বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। ১২ আগস্ট সোমবার দুপুরে তিনি সরেজমিন পরিদর্শন করে বন্যহাতি হামলা থেকে রক্ষা পেতে একটি জেনারেটর ও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। ওইসময় তিনি বলেন, বন্যহাতি কবলিত এলাকার জানমাল রক্ষার জন্যে ইতিমধ্যে কিছু এলাকা সোলার প্যানেল করা হয়েছে। এদিকেও সোলার প্যানেল করার প্রক্রিয়া চলছে। এছাড়াও বিদ্যুতের ব্যবস্থা দ্রুত করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, বালিজুরি রেঞ্জ অফিসার তারিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, মোনায়েমসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এক দল বন্যহাতি হালুহাটি গ্রামে আক্রমণ চালিয়ে আব্দুল হাই নামে একজনকে নিহত ও ৪ জনকে আহত করে। ভাঙচুর করে ১৮টি ঘরসহ বিস্তীর্ণ এলাকার ক্ষেতের ফসল।



















