শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও তার স্ত্রী এবং ছেলে গুরুতর আহত হয়েছেন। ১০ আগস্ট বৃহস্পতিবার রাত ১১ টার উপজেলার হালুয়াহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুল হাই ওরফে নাডু মিয়া (৬৫)। সে ওই গ্রামের তনু মন্ডলের ছেলে। আহত ইসরাফিল মিয়া ও তার মাকে গুরুতর আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ৩০/৪০টি বন্যহাতির একটি দল পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। স্থানীয় লোকজন আলোর মশাল জ¦ালিয়ে, টর্চলাইটের আলো ফেলে, চিৎকার-চেঁচামেচি করে বন্যহাতি তাড়াতে চেষ্টা করে। একপর্যায়ে বন্যহাতির দল বসতবাড়ীতে উঠে আসার সময় কৃষক আব্দুল হাই ও তার স্ত্রী সন্তান বন্যহাতির সামনে পড়েন। এসময় দলের একটি হাতি আব্দুল হাইকে শুড় পেচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আব্দুল হাইকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী এবং ছেলেও বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন শুক্রবার সকালে বলেন, নিহত ও আহতদের পরিবারকে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে।
























